জেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে অগ্রাধিকার দেয়। শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। পাহাড়ের শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষা সহায়তা অব্যাহত রাখা হবে।
একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান, মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
নারী-পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর করতে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে সরকার কাজ করছে। সবচেয়ে বেশি বঞ্চিত মানুষকে সবার আগে সহযোগিতা করা হবে জানান প্রতিমন্ত্রী।
এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ন সচীব) শেখ ছালেহ আহাম্মদ, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ৪৯৩ জন কলেজ, ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মাঝে মোট ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রতিনিধি/এআরএম