Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস ও কাভার্ডভ্যান জব্দ

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি। জব্দ করা মালামাল ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিজিবি ফেনী ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন ডিজাইনের ভারতীয় শাড়ি, লেডিস থ্রি-পিস ও এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আরও পড়ুন

শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ও টহল তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস