Dhaka Mail Logo

সারাদেশ

কারখানার ৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

সাভারের আশুলিয়ায় প্রীটি গ্রুপের কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণের ঘটনায় ছয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও অন্তত ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় কারখানার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত চারজন এবং গ্যাসবাহী লরির দুই হেলপারকে আসামি করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাউকে এজাহারে আসামি করা হয়নি। যা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিক নেতারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— প্রীটি গ্রুপের জিএম সোহেল রানা, এজিএম মো. মহিউদ্দিন, ম্যানেজার মোজাম্মেল হোসেন, কারখানার প্রকৌশলী রাজীব হোসেন এবং লরির দুই হেলপার আল আমিন ও মো. এনামুল।

পুলিশ বলছে, কারখানা চত্বরে অপরিকল্পিতভাবে বিপজ্জনক অবস্থায় এলপিজি গ্যাস সিলিন্ডার রাখা এবং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ আনা হয়েছে মামলায়।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে যাদের সরাসরি দায়িত্বে অবহেলার বিষয়টি পাওয়া গেছে, তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অজ্ঞাতপরিচয় আসামি রাখার কারণ হিসেবে তিনি বলেন, তদন্তে আরও কারও গাফিলতি বা সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।

মালিকপক্ষকে আসামি না করায় প্রশ্ন

এদিকে, মামলায় কারখানার কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হলেও মালিকপক্ষকে না রাখায় প্রশ্ন তুলেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম।

তিনি বলেন, শিল্পকারখানায় বড় ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে শুধু দায়িত্বে থাকা বেতনভুক্ত কর্মীদের দায়ী করা উচিত নয়। কারখানার নিরাপত্তা ব্যবস্থা, গ্যাস ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণের সামগ্রিক দায়িত্ব কারা পালন করতেন, তদন্তে তা খতিয়ে দেখা প্রয়োজন।

ফরিদুল ইসলাম আরও বলেন, কারখানায় বড় দুর্ঘটনা ঘটলে দায় বেতনভুক্ত সাধারণ কর্মচারীদের ওপর চাপানো যৌক্তিক নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

প্রীটি গ্রুপের মালিকানা

প্রীটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব আহমেদ তালুকদার পিয়াল। তার মা পারভীন তালুকদার প্রতিষ্ঠানটির পরিচালক এবং তার আরেক ছেলে রেজিন আহমেদ তালুকদার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

 

পারভীন তালুকদার আওয়ামী লীগের আমলে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং বাকেরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ছিলেন। রাজীব আহমেদ তালুকদার পিয়াল নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

যেভাবে দুর্ঘটনা

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীটি গ্রুপের ‘এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ চত্বরে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবাহী একটি লরিতে বিস্ফোরণ ঘটে। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায়ও কয়েকজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত এবং অন্তত ৩০ জন দগ্ধ ও আহত হয়েছেন।

ঘটনার পর গ্যাস সিলিন্ডার পরিবহন, কারখানায় সেগুলোর সংরক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/টিবি