Dhaka Mail Logo

সারাদেশ

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ফাল্গুনী রানী রায় (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত স্বামী কনক রায় (২৫)-কে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিহত গৃহবধূর বাবা পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।

সকাল ৮টায় উপজেলার মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর বাবুপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ফাল্গুনী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কিসমত ঘাটাবিল গ্রামের নবকান্তি রায়ের কন্যা ও গ্রেফতার কনক রায় পার্বতীপুর উপজেলার নারায়ণপুর বাবুপাড়ার জগো রায়ের পুত্র। ফাল্গুনী ও কনকের সংসারে ৫ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফাল্গুনী রায় প্রতিদিনের মতো স্থানীয় মনসা মন্দিরে পূজা দিতে যায়। এ সময় স্বামী কনক রায় ঘটনাস্থলে এসে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি শুরু করে। এরই একপর্যায়ে কনক রায় তার হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রী ফাল্গুনীর মুখে ও মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ফাল্গুনীকে উদ্ধার করে প্রথমে ল্যাম্ব হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহতের বাবা নবকান্তি রায় বিকেলে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর অভিযান চালিয়ে স্বামী কনক রায়কে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ