Dhaka Mail Logo

সারাদেশ

অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর এবার কুমিল্লায় আরেক স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ এএম

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর এবার শাহরিয়ার নাফিজ নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে নাফিজ নিখোঁজ হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মো.নজরুল ইসলাম বাপ্পি।

নিখোঁজ শাহরিয়ার নাফিজ (১৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে। সে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এদিকে, নাফিজের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সহযোগিতা চেয়েছেন। ওই শিক্ষার্থীর সন্ধান চেয়ে কুমিল্লা আদালতের আইনজীবী সোহরাব হোসেন ভূঁইয়া একটি পোস্ট দিয়েছেন। 

এতে তিনি লেখেন, সোমবার সকালে ইবনে তাইমিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।

শাহরিয়ার নাফিজের মামা মো. নজরুল ইসলাম বাপ্পি বলেন, সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। এরপর সারাদিন আর বাসায় ফেরেনি। আমরা সব আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তার খোঁজ পাইনি। পরে রাত ১২টার দিকে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তার সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন (শনিবার) বেলা ১১টার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকা থেকে তার মরদেহ করে পুলিশ।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ছিল।

প্রতিনিধি/এলএ