Dhaka Mail Logo

সারাদেশ

ঘুষের টাকাসহ ভূমি অফিসের কর্মকর্তা ও ২ কর্মচারী আটক

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ এএম

চট্টগ্রামে একটি জমির রেজিস্ট্রি বাবদ ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ধরা পড়েছেন ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার ও তার দুই সহযোগী। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও কার্যালয়ের উমেদার রূপন দাশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল-আমিন।

দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি আটকে রাখেন।

অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।

পরে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম চালায়।

অভিযানে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশকে ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এলএ