Dhaka Mail Logo

সারাদেশ

মৌলভীবাজারে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিতকরতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস এবং একটি সিএনজিচালিত অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনজনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে আইনি পদক্ষেপের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এলএ