জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
কুষ্টিয়ার কুমারখালীতে ভাত খাওয়ার কথা বলে ষষ্ঠ শ্রেণির এক ১২ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
ওই ছাত্রী ও গ্রেফতার কিশোর সম্পর্কে চাচাতো ভাই-বোন। তারা সাঁওতা কবুরাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে দাদির কাছে থাকে। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা সাঁওতা ব্রিজের কাছ থেকে মেয়েকে দেওয়ার জন্য ১০ টাকা ওই কিশোরের হাতে দেন। ওই কিশোর টাকা নিয়ে ছাত্রীর বাড়িতে গেলে সে নিজ ঘরে একা ভাত খাচ্ছিল। এ সময় ভাত খাওয়ার কথা বলে কিশোরটি ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ও আসামি সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঘটনাটি ধামাচাপা দিতে দুই পরিবার পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিল বলে জানা গেছে। তবে সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার সকালে কিশোরকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী বলেন, ‘মেয়েকে ১০ টাকা দেওয়ার জন্য ওই ছেলেকে বাড়িতে পাঠিয়েছিলাম। তখন আমার মেয়ে ভাত খাচ্ছিল। সে সময় ভাত খাওয়ার কথা বলে ছেলেটি আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি বিচারের আশায় মামলা করেছি।’ তবে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছিল কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এসএস