জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশে একটি মাছ চাষের খাল থেকে এক অজ্ঞাতনামা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রেললাইনের পূর্ব পাশের আবাদি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দুপুর ১২টার দিকে পানি থেকে লাশটি উদ্ধার করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।