জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
শরীয়তপুরের জাজিরা উপজেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিকদার মো. মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করেছে জেলা জামায়াত। দলটির অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করে মেজবাহ উদ্দিনকে মামলায় জড়ানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জেলা জামায়াতের নেতারা।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী বলেন, জাজিরার সেনেরচর ইউনিয়নের চরধুপুর-চরকান্দি এলাকায় সংঘর্ষের ঘটনায় মেজবাহ উদ্দিনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। তবে তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ আগস্ট ওই এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মান্নান সরদার নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় রিপন মোল্লা (৩৮) নামের এক যুবক গুরুতর আহত হন। পরে রিপনের বাবা হামি মোল্লা বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর জাজিরা থানায় মামলা করেন। ওই মামলায় শিকদার মো. মেজবাহ উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

জেলা জামায়াতের নেতাদের অভিযোগ, রিপন মোল্লার প্রতিপক্ষ রেজাউল সিকদারের পরিবর্তে পুলিশ ও স্থানীয় বিএনপির কিছু নেতার যোগসাজশে মেজবাহ উদ্দিনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ ও বিএনপি নেতাদের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।
নেতারা আরও বলেন, গত ৫ সেপ্টেম্বর একই এলাকায় একটি রান্নাঘরে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণে রোকেয়া বেগম নামের এক গৃহবধূ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায়ও মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেন তারা।
জামায়াত নেতাদের দাবি, প্রকৃত ঘটনা আড়াল করে মেজবাহ উদ্দিনকে একের পর এক মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে কোনো ব্যক্তিকে হয়রানি না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান জেলা জামায়াতের নেতারা।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান এবং পৌর জামায়াতের সভাপতি জব্বার মীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস