জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে মহিদুল ইসলাম (৪৫) নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহিদুল ইসলাম উপজেলার ছাতড়া নিস্তানী গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ঘুরে ঘুরে পুরোনো লোহা, প্লাস্টিক ও অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে মহিদুল নিখোঁজ ছিলেন। রাতে পরিবারের সদস্য ও স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে তারা নিয়ামতপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রতিনিধি/এসএস