Dhaka Mail Logo

সারাদেশ

সাদুল্লাপুরে কুকুরের ধাক্কায় ভ্যান উল্টে আহত নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের সঙ্গে ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত কোহিনুর বেগম (৫৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত কোহিনুর বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শফি মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে কোহিনুর বেগম ভ্যানে চড়ে সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার তরফ বাজিত (মাঝপাড়া) এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুরের সঙ্গে ভ্যানটির সজোরে ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ তারা পেয়েছেন এবং এই ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।

প্রতিনিধি