জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ এএম
রাঙামাটির কাপ্তাই হ্রদে হঠাৎ করে একটি টর্নেডোর দেখা মিলেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে হ্রদের কিল্ল্যামুড়া এলাকার আশপাশে এই দৃশ্য দেখা যায়। বিরল এই দৃশ্য অনেকে ক্যামেরাবন্দি করলেও এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হঠাৎ করেই কাপ্তাই হ্রদের কিল্ল্যামুড়া (ত্রিপুরা পাড়া) সংলগ্ন এলাকায় এই বায়ুস্তম্ভ বা টর্নেডোটি দেখা দেয়। এ সময় আশপাশের লোকজনের মধ্যে কৌতূহল ও কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই দ্রুত শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে ভিড় জমান এবং দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন।
প্রত্যক্ষদর্শী আলবি হাসান সুজন জানান, শহীদ মিনারসংলগ্ন মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ হ্রদের ওই অংশে দৃশ্যটি দেখতে পান। প্রায় ১০ মিনিট স্থায়ী হয় এই ঘূর্ণিপাক।
এ বিষয়ে রাঙামাটি জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ইনচার্জ ক্যা চিং নু মারমা জানান, এ ধরনের ঘটনা হঠাৎ করেই ঘটে থাকে, বিশেষ করে বর্ষার শুরুতে ও শেষে। ঘূর্ণিপাকটি যেদিকে অগ্রসর হয়, সেদিকেই তাণ্ডব চালায়। স্থলে আঘাত হানলে এর ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, তবে এগুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয় না। এটিকে এক ধরনের টর্নেডো বলাই যায়।
প্রতিনিধি