জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম
ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে (৩৪) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সুশান্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছাকাছি এলাকায় টহলদল অভিযান চালায়। এ সময় শূন্যরেখা অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করলে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক কর্মরত আছেন এবং বর্তমানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, তিনি গত প্রায় এক মাস ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
সুশান্ত বিজিবিকে জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে একটি হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে এক দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
আটকের সময় তার কাছ থেকে দুইটি স্মার্টফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, দাপ্তরিক সিল এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নথিপত্র ও ডিজিটাল তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
প্রতিনিধি