জেলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের অভয়াশ্রমে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শি ও হুইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হালতি বিলের ভূষণগাছায় মৎস্য অভয়াশ্রম এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
অভিযানে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ২৬ জনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, নলডাঙ্গা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ইউএনও শাম্মী আক্তার জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ