Dhaka Mail Logo

সারাদেশ

ঠাকুরগাঁও-১: জামায়াত প্রার্থী দেলাওয়ারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় থেকে দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম মনোনয়নপত্র প্রদান করেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের জারি করা নতুন কিছু নিয়ম ও নির্দেশনা সম্পর্কে মনোনয়ন সংগ্রহকারীকে অবহিত করেন। একই সঙ্গে আসন্ন সংসদ উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জামায়াতে ইসলামীর সহযোগিতা কামনা করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি এলাকা নিয়ে গঠিত। আসনটি শূন্য হওয়ায় আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচন সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।

প্রতিনিধি/এআর