Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে তেলের পাম্পসহ দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

পরিমাপে কারচুপির অভিযোগে রংপুর নগরীর চারতলা মোড়ে মেসার্স মিজান ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সুত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিকেলে অভিযান চালানো হয়। অভিযানের সময় মেসার্স মিজান ফিলিং স্টেশনকে পরিমাপে কারচুপি করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সিটি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা ও ক্রেতাকে ভাউচার না দেওয়ায় মামা-ভাগ্নে আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিএসটিআইয়ের পরিদর্শক ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি-১৩)।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর বিভাগীয় উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ