Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হাত-মুখে স্কচটেপ পেঁচানো হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আরজান মিয়া।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরজান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। 

জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে অটোচালক আরজান নিখোঁজ ছিলেন। সোমবার সকালে পরিবারের লোকজন লাখাই থানায় গিয়ে আরজানের নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়। এর কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে অজ্ঞাত পরিচয় একজনের মরদেহ উদ্ধারের খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি আরজানের বলে শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গিয়ে সেটি উদ্ধার করে। ঘটনা তদন্তে পিবিআই’র সদস্যরাও ঘটনাস্থলে গেছে।

নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম জানান, নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা তদন্তে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআর