Dhaka Mail Logo

সারাদেশ

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, নারী আটক

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

খুলনা নগরীর খান জাহান আলী রোডের এক আবাসিক হোটেল থেকে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা (২৫) নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে সদর থানার কপোতাক্ষ হোটেলের ১০ নম্বর কক্ষ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, সোহেল রানা বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ওঠেন। কিছুক্ষণ পর ওই কক্ষে তাদের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ হোটেলে গিয়ে কক্ষ থেকে সোহেল রানা বাবুর মরদেহ উদ্ধার করে। এ সময় ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, নিহত সোহেল রানার আগের এক স্ত্রী রয়েছেন, যিনি ঢাকায় থাকেন এবং তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এদিকে, ফাতেমার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং ফাতেমা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। রোববার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফাতেমা। অভিযুক্ত ফাতেমাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি