জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম
‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
তিনি বলেছেন, যে রাজনীতি অসহায়ের পাশে থাকে না, তাদের কাছে টানে না, সে রাজনীতি তিনি করতে চান না।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর পঞ্চায়েতপাড়া ও কবিরাজপাড়া গ্রামে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নিজ উদ্যোগে পঞ্চায়েতপাড়ার ৯১ বছর বয়সী বৃদ্ধ জসিম উদ্দিন এবং কবিরাজপাড়ার জন্মগত শারীরিক প্রতিবন্ধী কিশোর মোহাম্মদ শ্রাবণকে একটি করে হুইলচেয়ার দেন দেলাওয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন না। অনেক বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষ নানা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। সামর্থ্যবানদের উচিত সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো।
দেলাওয়ার হোসেন আরও বলেন, ছোট্ট একটি সহযোগিতাও অসহায় মানুষের জন্য অনেক বড় উপকার বয়ে আনতে পারে। তাই প্রত্যেকের উচিত আশপাশের অসহায় মানুষের খোঁজখবর রাখা এবং তাদের পাশে দাঁড়ানো।
হুইলচেয়ার বিতরণকালে জামায়াতে ইসলামীর রুহিয়া উপজেলা আমির আব্দুর রশিদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ