জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
নীলফামারীর জলঢাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বের ছেলে পলাশ (১৯) এবং জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে ও পলাশের স্ত্রী মনি রানী (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও তার স্ত্রী মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে তারা খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা পলাশ ও মনি রানী গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস