Dhaka Mail Logo

সারাদেশ

মুরগির ময়লার গর্ত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

নরসিংদীর শিবপুরে মুরগির ময়লার গর্ত থেকে খোদেজা বেগম ওরফে মিনারা (৮৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে একটি খামারের মুরগির ময়লার গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত মিনারা বেগম জয়নগর ইউনিয়নের জামগর গ্রামের মৃত ইসব আলীর স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনারা প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং কয়েক দিন পর আবার ফিরে আসতেন। তবে এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

আরও পড়ুন

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্থানীয়রা জানান, রোববার দুপুর ১২টার দিকে জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে একটি মুরগির ময়লার গর্তে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

খবর পেয়ে নিহতের ছেলে মোতালিব ও রুহুল ঘটনাস্থলে গিয়ে লাশটি তাদের মায়ের বলে শনাক্ত করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস