Dhaka Mail Logo

সারাদেশ

ফতুল্লায় ড্রেজার ব্যবসা নিয়ে দুই পক্ষের গোলাগুলি, বাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের বাড়ি ঘর ভাঙচুর করে পাল্টাপাল্টি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

ফতুল্লার মধ্যে নরসিংপুর এলাকায় মৎসজীবী দলের নেতা হোসেন ও একই এলাকার রুবেল গ্রুপের মধ্যে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় উভয় পক্ষ থেকে এদিন রাত সাড়ে ৮টায় থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংপুর এলাকায় নদী থেকে বালু উঠিয়ে নিচু জমি ভরাট করে বাড়িঘর নির্মাণের জন্য ড্রেজার ব্যবসা করতে হোসেন ও রুবেল গ্রুপের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাম দা, রড ও বিদেশি অস্ত্র হাতে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা করে উভয় পক্ষই ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে শান্ত করে। পরে স্থানীয় লোকজন গুলির খোসা উদ্ধার করে পুলিশে জমা দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ