জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (ডিপিএইচই) বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাইয়ের পাশাপাশি কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুদকের বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয়ে এ অভিযান চালায়।
অভিযানকালে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অনুপম দের কাছে ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য ও নথিপত্র যাচাই করেন দুদকের কর্মকর্তারা। এ সময় প্রকল্পের ফাইল, দরপত্র-সংক্রান্ত কাগজপত্র, মাস্টাররোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনা করা হয়।

এরপর প্রকল্পগুলোর অনিয়মের অভিযোগ যাচাই করতে দুদকের দল কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যায়। সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শন করে কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে যাচাই করা হয়।
দুদক সূত্র জানায়, বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, টিউবওয়েল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিং ও স্যানিটেশন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। পাশাপাশি কয়েকটি প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ার অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবদুল আল নোমান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়ার পর দুদকের দল অভিযান শুরু করেছে। প্রকল্পগুলো যেসব উপজেলায় বাস্তবায়ন করা হয়েছে, সেসব এলাকা পরিদর্শন শেষে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের আকস্মিক অভিযানের পর বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিনিধি/এসএস