Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় কৃষক হত্যা মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

নেত্রকোনার বারহাট্টায় বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে কৃষক রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলার অন্যতম আসামি মো. আবুল মিয়াকে (২৯) গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ এসআরবি-১৪ সদর ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মীর ইশতিয়াক আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামের বাসিন্দা এবং নিহত রফিকুল ইসলামের আপন চাচাতো ভাই।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকালে বারহাট্টার ছয়গাঁও গ্রামে বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রফিকুল মাথায় গুরুতর আঘাত পান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ২৯ আগস্ট বারহাট্টা থানায় হত্যা মামলা করেন। মামলায় আবুল মিয়াসহ পাঁচজনকে আসামি করা হয়। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার গাজীপুরের শ্রীপুর এলাকায় আবুল মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। এরপর এসআরবি-১-এর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ময়মনসিংহ এসআরবির সদর কোম্পানির একটি দল।

রোববার সকালে আবুল মিয়াকে বারহাট্টা থানায় সোপর্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আবুল মিয়াকে বিকেলে আদালতে পাঠানো হবে।

ওসি বলেন, এ মামলায় আবুল মিয়াসহ পাঁচ আসামিই পলাতক ছিলেন। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস