জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। রোববার দুপুর ২টার পর পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামের একজনকে আটক করে পুলিশ। পরে আনাস নামের আরও একজনকে আটক করে এসআরবি। আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে সকল প্রক্রিয়া শেষে রোববার বেলা ১১টা ৪০ মিনিটে অপ্রতিমকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনায় অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
প্রতিনিধি/এসএস