Dhaka Mail Logo

সারাদেশ

পঞ্চগড়ের সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির উদ্যোগ

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩৩ জন যুবককে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদপত্র এবং ভালো ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজিবি জানায়, পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় গত ২৩ আগস্ট থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ১৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর রোববার আনুষ্ঠানিকভাবে এর সমাপনী আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার,সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও এবং নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ, এএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন। একইসঙ্গে ভালো ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক'বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর।

তিনি বলেন, বিজিবির সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণেও বিজিবি মানবিক ভূমিকা পালন করছে। সীমান্তবর্তী জনগণের কল্যাণে নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

P

প্রধান অতিথি বলেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি স্বাবলম্বী হতে পারবেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক; ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান, ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.শরিফুল ইসলাম জিল্লুর, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), পঞ্চগড়ের প্রশিক্ষক,স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিজিবির প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে সনদপত্র হাতে পেয়ে সীমান্তবর্তী এলাকার এসব যুবকের মধ্যে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রতিনিধি/এএইচ