Dhaka Mail Logo

সারাদেশ

বাড়ি ফিরে নববধূকে ঘরে তোলা হলো না হাসানুরের

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ এএম

ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজ শেষ করে কুড়িগ্রামে নিজ বাড়িতে গিয়ে নববধূকে ঘরে তোলার কথা ছিল তার। কিন্তু বিধি বাম। নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল হাসানুর রহমান (২৩) নামে এক রাজমিস্ত্রির।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কুটি বাঘডাঙ্গা এলাকার দধির গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পল্লী চিকিৎসক সজিব চন্দ্র বিশ্বাসের একতলা একটি ভবনের দেয়ালে পলেস্তারের কাজ করছিলেন হাসানুর। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর হাতে থাকা যন্ত্রটি সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাঁকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মাসুদ রানা জানান, প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে হাসানুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি নির্মাণশ্রমিক দলের সঙ্গে কাজ করতেন। বিয়ের পর স্ত্রীকে এখনো নিজের বাড়িতে তোলা হয়নি। কাজ শেষ করে বাড়িতে ফিরে স্ত্রীকে ঘরে তোলা এবং বিয়ের আনুষ্ঠানিকতা করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলো।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কাল ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে