জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
শরীয়তপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় জব্বার ওঝা (৬০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জব্বার ওঝা শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদম আলী ওঝার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
জেলা কারাগার সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ৯ আগস্ট জব্বার ওঝাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
শরীয়তপুর জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, শুক্রবার বিকেলে হঠাৎ জব্বার ওঝার পেটে ব্যথা শুরু হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, জব্বার ওঝার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়া চলছে। বর্তমানে মরদেহ ফরিদপুর জেলা কারাগারের অধীনে রয়েছে।
তবে জব্বার ওঝার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিনিধি/এলএ