জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
পাবনা পাবনার চাটমোহর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা রহমান (৭) এবং মাহফুজ হোসেন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে।
হুজাইফা রহমান আটলংকা দক্ষিণ সেনগ্রামেল মজিবর রহমানের ছেলে ও মাহফুজ হোসেন রুবেল হোসেনের ছেলে। একইসঙ্গে শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের জনৈক এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় দু’জনেই পানিতে তলিয়ে যায়।
দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নিখোঁজের ঘন্টা দুয়েক পর ওই দুই শিশু পানিতে ভেসে উঠলে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।
প্রতিনিধি/এজে