জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলার নেউড়া নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর তানভীর ইসলাম(১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ক্বারীরঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তানভীর উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে তানভীর তার বন্ধু ইকলাসকে সঙ্গে নিয়ে উপজেলার কাতলামারী এলাকার হুতারঘাটে নেউড়া নদীতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে তানভীর পানিতে হাবুডুবু খেতে শুরু করলে ইকলাস তাকে ধরে তীরে তোলার চেষ্টা করে। তবে নদীর স্রোতের কারণে তাকে ধরে রাখতে পারেনি ইকলাস। পরে তানভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
ঘটনার পর ইকলাস বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা নদীতে নেমে তানভীরকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে শুক্রবার দুপুর ২টার দিকে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেউড়া নদীতে তল্লাশি চালানো হলেও তানভীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে ক্বারীরঘাট এলাকা থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়।