জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ মারা যাওয়া দুই শিশু হলো হবিগঞ্জের ৫ মাস বয়সী শিশু রূপায়ণ ও সুনামগঞ্জের ৩ মাস বয়সী শিশু অপর্ণা। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৬৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৩ এবং মৌলভীবাজারে ১৫৮ জন। এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে এই বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের।
প্রতিনিধি/ এজে