জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
‘শুধু কর্মচারীদের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও নিজেদের রুম, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই পরিচ্ছন্ন হয়ে উঠবে।’
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ’র উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়। নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু কর্মচারীদের দায়িত্ব নয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। নিজেদের জায়গা থেকে সবাই সচেতন হলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠানে ‘আমার ক্যাম্পাস-আমার দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ-এর সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব-এই চেতনা থেকেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আজকের কর্মসূচির লক্ষ্য শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং সবার মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা।’
তিনি বলেন, ‘গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে জাতিসংঘ ২০ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রতিনিধি/এজে