নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
এর আগে, শনিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীনস্থ দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪ হাজার ৫৯০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, ৬৩০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ইনজেকশন, ৩৬ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০ পিস ভারতীয় ভায়াক্রাম ট্যাবলেট, ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দোয়ারী জাল, ১২ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস এবং ৪ পিস ভারতীয় থ্রি-পিস। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবি কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এআরএম