Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ আটক

জেলা প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে আব্দুল হেলিম গত ছয় মাস ধরে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর তার বাবা থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগীর বাবা ইদ্রিস আলী বলেন, ‘আমার মেয়ের সঙ্গে সে এমন কাজ করেছে। আমি এর বিচার চাই। আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। আমি শুধু চাই, সে যেন ছাড়া না পায়।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে আব্দুল হেলিমকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রতিনিধি/এআরএম