Dhaka Mail Logo

সারাদেশ

সুনামগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, সংকটাপন্ন বাবা

জেলা প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

সুনামগঞ্জের তাহিরপুরে রাতের কোনো এক সময়ে তিন শিশু সন্তানকে বিষপান করানোর পর এক বাবা নিজে বিষপান করেছেন। এতে মর্মান্তিকভাবে তিন শিশুরই মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় পিতাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।

নিহত শিশু মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭), তামিম মিয়া (২), আহত পিতা সরফত আলী (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর মা ফাতেমা বেগম ৩ দিন আগে সৌদি আরব যান। এরপর থেকেই তাদের পারিবারিক কলহের জের বাড়ে। এরই জের ধরে রাতের কোনো এক সময়ে ওই পিতা তার তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। পিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খুব ভোরে খবর পেয়ে আমরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পাই। গুরুতর আহত পিতাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।

প্রতিনিধি/এমআই