Dhaka Mail Logo

সারাদেশ

চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ এএম

হবিগঞ্জের চুনারুঘাটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি)-এর অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দুলালিয়া গ্রামের আবু সাঈদের ছেলে মো. মনির হোসেন (৩০) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বগাকৃষ্ণপুর গ্রামের মো. ইউনুস আলীর ছেলে মো. আবু সাঈদ (৩০)।

শুক্রবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টায় এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি বাস কাউন্টারের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকা হতে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দুইজন জন মাদকদ্রব্যসহ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের দিকে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ হতে হবিগঞ্জগামী রোডস্থ একটি আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনাকালে ব্যাটারিচালিত অটোরিকশাকে সংকেত দিয়ে থামালে এসআরবির উপস্থিতি টের পেয়ে অটোরিক্সা থেকে নেমে দুইটি ব্যাগ নিয়ে ২ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক তাদের হেফাজতে থাকা ব্যাগ দুইটি তল্লাশি করে নীল রঙের পলিথিনের ওপর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মো. মনির হোসেন ও মো. আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এমএইচআর