Dhaka Mail Logo

সারাদেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপরে হামলা

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

যশোর শহরের খড়কী কবরস্থান এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামে এক তরুণীর ওপর বাসায় ঢুকে হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে খড়কী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিথিলা ওই এলাকার মো. গোলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খড়কী কবরস্থান এলাকার একটি চায়ের দোকানের পাশে কয়েকজন বখাটে কিশোর নিয়মিত আড্ডা দেয়। তারা ওই সড়ক দিয়ে চলাচলকারী নারীদের প্রায়ই উত্ত্যক্ত ও ইভটিজিং করে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ থাকলেও নানা কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবারও ওই কিশোরদের কয়েকজন রাস্তা দিয়ে চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছিল। বিষয়টি দেখে মিথিলা প্রতিবাদ করেন। এ সময় বখাটেদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা মিথিলার বাসায় ঢুকে পড়েন বলে অভিযোগ করা হয়েছে।

পরে তারা ইট দিয়ে মিথিলার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দে বলেন, তার মাথায় বেশ খানিকটা ক্ষত হয়েছে। এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আঘাতের গভীরতা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

ঘটনার পর খড়কী কবরস্থান এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকাশ্যে নারীদের উত্ত্যক্ত করার পর প্রতিবাদকারীর বাসায় ঢুকে হামলার ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, নারীদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’ পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এজে