Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুর সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

এর আগে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা ও দিহানগর বিওপি এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভান্ডারা বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত মেইন পিলার ৩২৭ থেকে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভান্ডারা এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দিহানগর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪৪/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী পাড়া এলাকায় অভিযান চালান। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/  এজে