Dhaka Mail Logo

সারাদেশ

আ.লীগ ভারতে পালিয়েছে, আপনারা কোথায় পালাবেন: বিএনপিকে আজহার

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো একটা দেশে (ভারতে) পালিয়েছে, আপনারা কোথায় পালাবেন?’ বিএনপিকে উদ্দেশ করে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর লংমার্চ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশ্ন ছুড়ে দেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ঢাকা টু রংপুর লংমার্চ কোনো দলের নয়- এটি দেশের জনগণের লংমার্চ। তাই ঢাকা টু রংপুর লংমার্চে কোনো বাধা সৃষ্টি করবেন না। আমরা কোনো বাধা মানব না। 

তিনি বিএনপির উদ্দেশে বলেন, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে জুলাই সনদ বাস্তবায়ন করুন। কেননা, আপনাদের আচরণ ফ্যাসিস্ট সরকারের চরিত্রের দিকে চলে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ওপর ক্ষমতা চাপিয়ে দিয়ে বসে থাকবেন, সেই দিন শেষ হয়ে গেছে। দুই বছর আগের ইতিহাস খেয়াল রাখুন। বিগত ফ্যাসিস্ট সরকার ২৬৫টি আসন পেয়েছিল, শুধু তাই নয়, তারা বন্ধু দেশকে ব্যবহার করে যা খুশি তাই করেছে। কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি। তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, জনগণ বলা শুরু করেছে- আওয়ামী লীগ তো তবু এক জায়গায় (ভারতে) পালিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু যে অবস্থা শুরু হয়েছে- ‘আপনারা কোথায় পালিয়ে আশ্রয় নিবেন?’ তাই বলব আপনারা কান পেতে শুনুন, জনগণ কি বলছে, একটু বুঝুন। উপলব্দি করুন। নিজের দিকে একটু তাকান এবং জনগণ কী ধরনের স্লোগান দিচ্ছে, সেগুলো শুনুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতামতকে যদি অবহেলা করেন আপনারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি জনগণের আকাঙ্খিত জুলাই সনদ বাস্তবায়নও ক্ষতিগ্রস্ত হবে।

আগামীকাল ১৯ সেপ্টেম্বর (শনিবার) ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস, বিদ্যুৎ, তেলের সংকট দূর করা, দলীয়করণ, দখলদারিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৯ দফা’ দাবিতে ঢাকা থেকে রংপুর লংমার্চ হবে। 

সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে জমায়েত এবং সকাল ৮টায় রংপুরের উদ্দেশে যাত্রা শুরু হবে। এরপর ঢাকা থেকে শুরু হয়ে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে গিয়ে শেষ হবে। 

পরে রংপুরের জিলা স্কুল মাঠে একটি সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা টু রংপুর লংমার্চে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন।

উত্তরবঙ্গের ২২টি আসনের মধ্যে ১৮টি আসনে জামায়াতের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রংপুর বিভাগীয় লংমার্চ চট্টগ্রামের চেয়ে বড় হবে বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

প্রতিনিধি/এলএ