Dhaka Mail Logo

সারাদেশ

মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যা হাসপাতালের আশ্বাস প্রতিমন্ত্রীর

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে ২০২৮ সালের জুনের মধ্যে প্রতিষ্ঠানটিতে ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার দুপুরে যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমানে ২০ শয্যার এ প্রতিষ্ঠানকে প্রথম ধাপে ৩০ শয্যা এবং পরবর্তী সময়ে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। পাশাপাশি ২০২৮ সালের জুনের মধ্যে এখানে ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, অতীতে এ কেন্দ্রে সিজারিয়ান অপারেশন ও ধাত্রীসেবার পর্যাপ্ত সুযোগ ছিল না। দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির বিভিন্ন সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার বিষয়টি সরকারের নজরে আসে। এরপর সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিকিৎসকদের মানসম্মত, নিরাপদ ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে কর্মস্থলে উপস্থিত থেকে রোগীদের সেবা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, যথাসময়ে অফিসে আসতে হবে, দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিতে হবে। ভর্তি রোগী কিংবা বহির্বিভাগে আসা কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। 

অনুষ্ঠানে আরও ছিলেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এলএ