জেলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
‘হাতকড়া পরিয়ে শেখ হাসিনাকে রিসিভ করা হবে’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা তো বলি আপনি ৩১ ডিসেম্বর কেন? কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব, সঙ্গে দুইটি হাতকড়া থাকবে। আপনি যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন বাংলাদেশের মানুষের ওপর, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে প্রধানমন্ত্রীর ‘উপহারের ঘরের’ চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এমন মন্তব্য করেন। এসময় রাজধানীর শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন তিনি।
বিমানমন্ত্রী ভারতকে উদ্দেশ করে বলেন, আমরা অনুরোধ করেছি পাশের দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোষররা যারা পলায়ন করে আছে- তাদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এদেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না৷
শেখ হাসিনাকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, এখন বাংলাদেশে আসবেন, আর ফাঁসি হবে। মাঝেমাঝে শুনি যে, ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য; ফ্যাসিস্ট আমলের যারা লুকিয়ে আছে- তারা যাতে পুলকিত হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ