Dhaka Mail Logo

সারাদেশ

স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করছি: এ্যানি

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। দল-মতনির্বিশেষে সবাই এসব কাজকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা সম্ভব হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করার পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।

afa9c653-a7e8-41e2-88cd-24f2134a579e

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ অভিযান রয়েছে। সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিও অব্যাহত রয়েছে। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব খাল পুনঃখনন করা হবে। মাছের পোনা অবমুক্তকরণও এই কর্মসূচির আওতায় রয়েছে।

আরও পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব।

এ্যানি আরও বলেন, ‘আমরা গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিচ্ছি। সামাজিকভাবে নৈতিক দায়িত্ববোধ থেকে কর্মসূচিগুলো পালন করছি। পাশাপাশি সবকিছুর সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে। রহমতখালী খাল লক্ষ্মীপুরের প্রাণ। ইতোমধ্যে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রয়েছে। প্রচুর কচুরিপানা ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে। এখন পানির প্রবাহও যথেষ্ট রয়েছে। আজ খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সবাই মিলে এই সামাজিক উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

প্রতিনিধি/এসএস