Dhaka Mail Logo

সারাদেশ

রংপুর মেডিকেলে সিন্ডিকেট বন্ধে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে: রাশেদ খান

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো সিন্ডিকেট ও দৌরাত্ম্য থাকবে না। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে পুলিশের ক্যাম্প স্থাপন করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে পারলে আগামীকাল থেকেই প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে কমিশনার তাকে জানিয়েছেন।

f64a65f5-7352-4351-8067-c2316760636e

তিনি বলেন, হাসপাতাল ক্যাম্পাসের সীমানার আশপাশে মাদকের ব্যবহার ও সিন্ডিকেট বন্ধে পুলিশ কাজ করবে। আরও সহযোগিতার প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এরপরও কেউ হাসপাতালকে জিম্মি করে বা সিন্ডিকেট তৈরি করে রোগী ও স্বজনদের হয়রানি করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদ খান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে। এ দুটি খাতে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছেন।

আরও পড়ুন

নারীদের অনলাইনে হয়রানি বন্ধে সবাইকে সচেতন হতে হবে: আখতার হোসেন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবায় মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। আগামী দুই বছরের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এমন একটি পর্যায়ে পৌঁছাবে, যাতে রংপুর বিভাগের মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। এই অঞ্চলের মানুষ আধুনিক চিকিৎসাসেবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই পাবেন।

এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তিনি যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই স্থান পরিদর্শনের কথা রয়েছে। একই সঙ্গে বিকেলে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে।

প্রতিনিধি/এসএস