Dhaka Mail Logo

সারাদেশ

‘ক্রাফ্টেড টুগেদার–কক্সবাজার ২০২৬’ আয়োজন করল বিএইচএল গ্রুপ

কান্ট্রি ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ এএম

ঐতিহ্য, আস্থা, অংশীদারিত্ব ও সম্মিলিত সাফল্য উদযাপনে দুই দিনব্যাপী ডিলার কনফারেন্স ‘ক্রাফ্টেড টুগেদার–কক্সবাজার ২০২৬’ আয়োজন করেছে বিএইচএল গ্রুপ। ‘ফ্রম আওয়ার হেরিটেজ টু হোম’ প্রতিপাদ্যে ১১ ও ১২ সেপ্টেম্বর কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-এ অনুষ্ঠিত হয় এ আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচএল গ্রুপের চেয়ারম্যান তারকা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক সিফাত আরমান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা।

বিএইচএল গ্রুপের সিরামিক ব্যবসার তিন গুরুত্বপূর্ণ ব্র্যান্ড—বিএইচএল সিরামিক, কুংফু সিরামিক ও ভিঞ্চি সিরামিকের সম্মিলিত পথচলা, সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে কেন্দ্র করে এবারের আয়োজনের মূল ভাবনা তৈরি করা হয়। তিন ব্র্যান্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্য, নান্দনিকতা ও পণ্যের বৈচিত্র্যের মাধ্যমে আধুনিক জীবনযাত্রা ও ঘরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করার প্রত্যয় তুলে ধরা হয় সম্মেলনে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ক্রাফ্টেড টুগেদার’ শুধু একটি আয়োজনের নাম নয়; এটি বিএইচএল গ্রুপ ও এর ডিলারদের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং একসঙ্গে এগিয়ে চলার প্রতিফলন। আর ‘ফ্রম আওয়ার হেরিটেজ টু হোম’ প্রতিপাদ্যের মাধ্যমে প্রতিষ্ঠানের ঐতিহ্য, অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও গুণগত মানকে মানুষের ঘরের সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত করার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

দুই দিনব্যাপী সম্মেলনে বিএইচএল গ্রুপের ব্যবসায়িক অগ্রগতি, বর্তমান বাজার পরিস্থিতি, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, ব্র্যান্ড উন্নয়ন, পণ্য ও বাজার সম্প্রসারণ এবং ডিলার নেটওয়ার্কের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও উপস্থাপনা হয়।

এ সময় বিএইচএল গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডিলারদের দীর্ঘদিনের আস্থা, সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও গতিশীল করতে পারস্পরিক আস্থা, উদ্ভাবন ও উৎকর্ষের ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্যবসায়িক আলোচনা ও উপস্থাপনার পাশাপাশি ডিলার ও অতিথিদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজনও ছিল। কক্সবাজারের সমুদ্র ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনটি ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা তৈরি করে।

বিএইচএল গ্রুপ জানিয়েছে, একটি শক্তিশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান শুধু পণ্য তৈরি করে না; বরং সম্পর্ক, আস্থা এবং মানুষের জীবনের সঙ্গে দীর্ঘস্থায়ী সংযোগ তৈরি করে। সেই লক্ষ্যেই বিএইচএল সিরামিক, কুংফু সিরামিক ও ভিঞ্চি সিরামিকের মাধ্যমে ঐতিহ্য ও অভিজ্ঞতাকে আধুনিকতার সঙ্গে যুক্ত করে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

‘ক্রাফ্টেড টুগেদার–কক্সবাজার ২০২৬’-এর মাধ্যমে অতীতের অর্জন উদযাপনের পাশাপাশি ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে ভবিষ্যতের আরও বড় সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বিএইচএল গ্রুপ।