জেলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ এএম
ময়মনসিংহের নান্দাইলে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তহসিন হৃদয় (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাজন ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। অভিযুক্ত তহসিন হৃদয় একই এলাকার প্রতিবেশী আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশু রাজনকে বাড়ির পাশে একা পেয়ে গাছ থেকে জলপাই পেড়ে দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যায় হৃদয়। ঘরের ভেতর নিয়ে সে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা চালায়। একপর্যায়ে রাজন বাঁচার জন্য চিৎকার করলে শাবল দিয়ে তার গলা ও পিঠে উপর্যুপরি আঘাত করে হৃদয়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে ঘরের পেছনে থাকা একটি শৌচাগারের ভেতরে মরদেহটি ফেলে দেয় সে।
এদিকে দীর্ঘ সময় ধরে রাজনকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হৃদয়ের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে অস্বীকার করলেও পরে চাপের মুখে সে পুরো ঘটনা এবং মরদেহ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে স্থানীয় লোকজন হৃদয়কে মারধর করে পুলিশে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শৌচাগার থেকে রাজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় লোকজনের হাত থেকে অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এআর