জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার আল-মদীনা ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গেটের বিপরীতে অবস্থিত এই ফার্মেসিটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, অভিযানকালে আল-মদীনা ফার্মেসির ফ্রিজে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সময় ভোক্তা অদজিকারের কর্মকর্তার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি ফার্মেসির সঙ্গে সংশ্লিষ্টরা। পরে সবগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসির সামনেই পুড়িয়ে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় সিলেট মহানগর পুলিশের একটি দল তাদের সার্বিক সহযোগিতা করে।
সংশ্লিষ্টরা জানান, ওষুধের মেয়াদ পেরিয়ে গেলে সেটি বিষে রূপান্তরিত হয়। আর কিছু কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী জনগণকে অবলীলায় সেই বিষ খাইয়ে দিচ্ছে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া।
প্রতিনিধি/ এজে