Dhaka Mail Logo

সারাদেশ

ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ এনে মামলায় করায় বিউটি খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী কথিত ধর্ষণচেষ্টা মামলার বাদী ছিলেন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ করে দেয় ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। পরে বিবাদীর করা পিটিশনের প্রেক্ষিতে পাল্টা মামলায় ধর্ষণচেষ্টা মামলার বাদীকে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। পরে আদালতে সোপর্দ করা হলে ওই নারীকে কারাগারে পাঠায় আদালত। 

ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার বিউটি খাতুন জেলার শৈলকূপা উপজেলার বারইহুদা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সাথে ঝিনাইদহের স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরোধ চলে আসছিল। জমি নিয়ে বিরোধের জেরে বিউটি খাতুন ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরুদ্ধে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। 

তবে তদন্তে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করেন। ওই ঘটনার জেরে ব্যবসায়ী মিরাজ জামান রাজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিটিশন করেন। 

আদালত পিটিশনটি আমলে নিয়ে পাল্টা মামলায় বিউটি খাতুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই ঘটনায় ব্যবসায়ী মিরাজ জামান রাজ বলেন,  দীর্ঘদিন ধরে বিউটি খাতুনের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছিল। পরে তিনি আমার নামে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেন। ওই নারীর অভিযোগ আদালতে প্রমাণ হয়নি। মামলাটি ট্রাইব্যুনাল খারিজ করে দেন। এরপরে আমি ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছি। কারণ, তিনি আমার নামে মিথ্যা অভিযোগে আদালতে মামলা করে আমাকে হেনস্থা করেছেন। আমার মানসম্মানের ক্ষতি করেছেন।

ব্যবসায়ী মিরাজ জামান রাজ আরও জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে প্রমাণিত হয় যে, শুধুমাত্র জমির বিরোধের জের ধরে মামলাটিতে আমাকে ফাঁসানো হয়েছিল। পরে আদালত মামলাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ঘোষণা করে খারিজ করে দেন। মিথ্যা মামলা করার কারণে আদালত তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে বিউটি খাতুনকে গ্রেফতার করা হয়েছে। পরে আজ বৃহস্পতিবার ওই নারীকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিনিধি/এলএ