Dhaka Mail Logo

সারাদেশ

কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে কাসেম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে খান ফার্মেসি ও মা মেডিকেল ফার্মেসিকে পৃথকভাবে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন, গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারিনটেনডেন্ট মো. ফয়জুল হক ও এসআই তানিয়া।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন বলেন, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ঔষধের মান ও বৈধতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে