Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গাইলে বিনা খরচে বিদেশি ভাষা শেখার বড় সুযোগ পাচ্ছেন তরুণরা

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

ভাষা দক্ষতাই সবচেয়ে বড় যোগ্যতা। ঘরে বসেই অনলাইনে কাজ করে ডলার আয়, আবার ভাষা জানা বিভিন্ন দেশে উচ্চ বেতনে কাজে যাওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। বেকারত্বের হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন দেখছেন বেকার তরুণরা। এবার বিনা খরচে বিদেশি ভাষা শিখে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। দেশে এই প্রথম বিদেশি ভাষা শেখানোর এমন উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন।

২০২৬-২৭ অর্থ বছরের আওতায় উপজেলার ৪নং গোবিন্দাসী ইউনিয়নের বেকার তরুণদের জন্য ভাষা প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ভাষা শিখন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।

জানা যায়, প্রতি ব্যাচে ১৫ জন করে ভাষা প্রশিক্ষণ দেয়া হবে ভাষা প্রশিক্ষণ প্রার্থীদের। আগ্রহী প্রার্থীরা মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব, দুবাই, কাতার, মালেশিয়া, চীন, জাপান ও ইউরোপসহ আরও বেশ কয়েকটি দেশের ভাষা শেখার সুযোগ পাচ্ছেন বিনা খরচে। এক মাস মেয়াদী এই কোর্সে ভাষা শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট এবং বিদেশগামী তরুণদেরর জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হবে।

শুধু তাই নয়, উপজেলার গোবিন্দাসীসহ ফলদা, অর্জুনা ও অলোয়া ইউনিয়নের গ্রামীণ নারীদের উন্নয়নে বিনা খরচে সেলাই মেশিন প্রশিক্ষণ, তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা। এতে নারীরা সেলাই মেশিন শিখে তারাও ঘরে বসেই স্বাবলম্বী হচ্ছেন। ইতোমধ্যে দ্বিতীয় ধাপের এসব প্রশিক্ষণ শেষে তৃতীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

ভাষা শেখা প্রশিক্ষণে অংশ নেয়া রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন, কষ্টাপাড়ার হাফিজুর রহমান বলেন, এই প্রথম বিদেশি ভাষা শিখন প্রশিক্ষণে অংশ নিচ্ছি। ভাষা না শিখে প্রবাসে গেলে বিদেশিদের সাথে কর্মক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়ে হয়। বিনা খরচে বিদেশি ভাষা শেখানো প্রশিক্ষণের এমন উদ্যোগটা নিজেদেরকে দক্ষ করে তোলার বড় সুযোগ। বিদেশি মানুষদের সাথে তাদের কর্মক্ষেত্রে তাল মিলিয়ে কাজ করতে অনেক সহজ হবে।

বিনা খরচে সেলাই মেশিন প্রশিক্ষণ নেয়া একই ইউনিয়নের কয়েড়া গ্রামের রেহানা পারভিন সুমি, রহিমা খাতুন ও শাহনাজ বেগম বলেন, বাড়ির গৃহস্থালি কাজকর্ম শেষে বেশিরভাগই অলস সময় কাটাতে হয়। তাছাড়া অনেক সময় সংসারের খরচ মেটানো দায় হয়ে দাঁড়ায়। তাই বিনা খরচে সেলাই মেশিন প্রশিক্ষণ নিয়েছি। এখান থেকে আমরা সেলাইয়ের সবধরণের কাজ শিখেছি। এখন ঘরে বসেই সেলাই মেশিনের কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিদেশগামী তরুণদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চর ও গ্রাম পর্যায়ে তরুণদের বিনা খরচে ভাষা শেখাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও গ্রামীণ দরিদ্র নারীদের উন্নয়নে বিনা খরচে সেলাই মেশিন প্রশিক্ষণ ও যুবকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে